রাজবাড়ীতে পাঁচ খুনের মামলায় আরও তিন আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় পাঁচ খুনের মামলার তিন আসামিকে গত বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাদারচর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই তিনজনকে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হাবাসপুর ইউনিয়নের চররামনগর মধ্যপাড়া গ্রামের জামাল শিকদার (৩৪), বাবুল শেখ (৩০) ও পাবনার খাসচর বলরামপুর গ্রামের ইসমাইল মোল্লা (৩৫)। পুলিশের দাবি, তাঁরা চরমপন্থী খালেক দলের সদস্য।
তাঁদের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির জানান, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই নিজাম উদ্দিন অভিযান চালান। এ সময় ওই তিনজন সাদারচর গ্রামে একটি চায়ের দোকানের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি শুটারগান ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
এ নিয়ে এই মামলার ১০ আসামি গ্রেপ্তার হলেন। মামলা দায়ের হওয়ার পর এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়।
নিজাম উদ্দিন জানান, ২০০৯ সালের মে মাসের শেষ সপ্তাহে হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে পাঁচজন শ্রমিক কাজ করতে আসেন। তাঁরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রামের আকাই বিশ্বাস, তাঁর ছেলে লিটন বিশ্বাস, জামাতা সিদ্দিক মোল্লা, ভাতিজা হাফিজ বিশ্বাস ও সাকাজ। তাঁদের পুলিশের তথ্যদাতা সন্দেহে ওই বছরের ৩১ মে স্থানীয় চরমপন্থী সংগঠনের সদস্যরা অপহরণের পর হত্যা করেন। ২০১৩ সালের ২১ সেপ্টেম্বর আকাই বিশ্বাসের স্ত্রী রওশন আরা বেগম বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা করেন।