রাজবাড়ীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন গুলিবিদ্ধ
রাজবাড়ীর কালুখালীতে গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ‘বন্দুকযুদ্ধে’ আইয়ুব আলী শেখ (৪২) নামের এক ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে আইয়ুবের পরিবার বলছে, তাঁকে ধরে নিয়ে গুলি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে আইয়ুবকে ডাকাতির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়। রাত তিনটার দিকে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গড়িয়ানা কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মেহগনি বাগানে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।
আইয়ুবের মা আকিরুন নেছা বলেন, ‘আমার ছেলে ধান নিয়ে কলে ভাঙাতে যায়। এ সময় পুলিশের সোর্স (তথ্যদাতা) নুরু পাট কাটার কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাঁকে পুলিশে ধরিয়ে দেয়।’
আইয়ুব আলী শেখ বলেন, ‘আমি চার বছর আগে খারাপ কাজ ছেড়ে দিয়েছি। এরপর থেকে কৃষিকাজ করছি। পুলিশ বিকেলে গাড়িতে তোলার কিছু সময় পর আমার চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে গভীর রাতে হাত-পা বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামিয়ে মাটিতে শুইয়ে ডান পায়ে গুলি করে।’
কালুখালী থানার ওসি নুরে আলম ফকির বলেন, আইয়ুবের বিরুদ্ধে পুলিশের ওপর আক্রমণ ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। ওসি আরও বলেন, গত বছর ও প্রায় চার বছর আগে ডাকাতির মামলায় আইয়ুব জেল খাটেন। এসব মামলায় বর্তমানে তিনি জামিনে আছেন।