রাজবাড়ীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কথিত ডাকাত নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের গড়াই নদের তীরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ভাদু শেখ (৪০)। তিনি সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। ভাদুর বাবার নাম ইসহাক শেখ।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ, পাঁচটি গুলির খোসা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি হাসিনা বেগম বলেন, গড়াই নদের তীরে গভীর রাতে একদল ডাকাত বৈঠক করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। এ সময় ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় ভাদু শেখকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসিনা বেগম বলেন, ভাদু শেখের বিরুদ্ধে থানায় মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি ডাকাতি, একটি বিস্ফোরক দ্রব্য, একটি অস্ত্র ও একটি চুরির মামলা। বন্দুকযুদ্ধে থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কুর ভট্টাচার্য ও দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
নিহত ব্যক্তির পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফারুক হোসেন বলেন, রাত ৩টা ২০ মিনিটে ভাদু শেখকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান। তাঁর বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে।