রাজবাড়ীতে ফুটবল খেলা নিয়ে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

রাজবাড়ীর সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
ছুরিকাহত ওই শিক্ষার্থীর নাম রুমন শেখ। সে একই ইউনিয়নের কাজী বাঁধা এলাকার বাসিন্দা আতিয়ার শেখের ছেলে। রুমন মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
রুমন শেখ প্রথম আলোকে বলে, বিদ্যালয়ের খেলার মাঠে আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে অনুশীলন চলছিল। কয়েকজন সহপাঠী মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল। একপর্যায়ে একটি গোল নিয়ে বহিরাগত আছেল নামের এক ছেলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পরে আছেলসহ চার-পাঁচজন তার ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় ছুরিকাঘাত করা হয়।
ছুরিকাঘাতের পর স্থানীয় লোকজন রুমনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় একাধিক সেলাই করে তাকে পরিবারের কাছে পাঠানো হয়। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউল আজম বলেন, ছেলেটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে।
মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ফিরোজ আহম্মেদ বলেন, ‘বিদ্যালয়ের কাজে আমি ঢাকায় আছি। মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে হামলার সঙ্গে ঠিক কারা জড়িত, এ বিষয়ে আমি জানি না। বিদ্যালয়ে এসে এ বিষয়ে খোঁজখবর নেব।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, বিদ্যালয়ে খেলাধুলাকে কেন্দ্র করে একজনকে মারধর করা হয়েছে। ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।