রাজবাড়ীতে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
রাজবাড়ীতে দূরপাল্লা ও স্বল্পপাল্লা উভয় পরিবহনে ঈদুল আজহা উপলক্ষে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গাড়িভেদে যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ১৫০ টাকা বেশি গুনতে হচ্ছে।
বাসের কাউন্টারের কর্মী ও যাত্রী সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ঢাকার গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ফেরি পারাপারের বাসগুলোতে যাত্রীপ্রতি সর্বোচ্চ ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়। চেয়ার কোচে ২৫০ টাকা এবং সাধারণ পরিবহনে এ ভাড়া ২২০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে এখন ৩৫০ থেকে ৪০০ টাকা করে আদায় করা হচ্ছে।
শহরের বড়পুলের সাউদিয়া ও সুবর্ণ পরিবহনের কাউন্টার মাস্টার রোকন উদ্দিন বলেন, ভাড়া বেশি নেওয়ার কারণ তাঁরা জানেন না। তবে আরও ১০-১২ দিন বর্ধিত হারে ভাড়া নেওয়া হবে। ভাড়া বাড়ানোর কারণে যাত্রীদের গালাগাল শুনতে হয়, মাঝেমধ্যে শারীরিকভাবেও লাঞ্ছিত হতে হয় বলে উল্লেখ করেন তিনি।
রাবেয়া পরিবহনের কাউন্টারের টিকিট বিক্রেতা নীরব বলেন, ঈদ উপলক্ষে ঢাকাগামী সব বাসের ভাড়া ১০০ টাকা করে বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তিনিও কিছুই জানেন না।
গতকাল মঙ্গলবার শহরের নতুনবাজার, বড়পুল ও বাজার এলাকায় বাসের কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, ঢাকাগামী অধিকাংশ পরিবহনে যাত্রীদের অনেক চাপ। সব কাউন্টারেই ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল।
পাংশা উপজেলার বাহাদুরপুরের বাসিন্দা সাইদুর রহমান বলেন, তাঁর কাছ থেকে রাজবাড়ী পরিবহন সাড়ে ৪০০ টাকা নিয়েছে। কর্মস্থলে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতেই হবে। ফলে বাধ্য হয়ে তিনি অতিরিক্ত টাকা দিয়েই টিকিট কিনেছেন।
রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, রাজবাড়ী শহর থেকে সাধারণত কোনো পরিবহন ছেড়ে যায় না। এসব বাস কুষ্টিয়ার কুমারখালী ও রাজবাড়ীর বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসে। যাত্রীর চাপ বেশি থাকায় এখন ছেড়ে আসার স্থান থেকেও সব টিকিট বিক্রি করা সম্ভব। এ কারণে অন্য সময়ের চেয়ে বাসের ভাড়া বেশি নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় বিভিন্ন পথে চলাচলকারী (স্বল্পপাল্লার) বাসেও এখন বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। অন্যান্য সময়ে রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ৪০ টাকা নেওয়া হয়। কিন্তু এখন ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। আরও পাঁচ-সাত দিন এই হারে ভাড়া আদায় করা হবে বলে জানালেন সোনার হরিণের সুপারভাইজার জাকির হোসেন।
বেসরকারি চাকরিজীবী শিবনাথ কুমার বিশ্বাস বলেন, তিনি সোমবার পাংশা থেকে একটি বাসে ফরিদপুরে যান। এই পথে স্বাভাবিক ভাড়া ৭০ টাকা, কিন্তু ঈদের সময় হওয়ায় তাঁর কাছ থেকে ১১০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আমরা ঈদের আগে মালিক শ্রমিকদের নিয়ে বৈঠক করেছি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে বাসমালিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’