রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় গত মঙ্গলবার রাতে রাকিবুল ইসলাম বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। রাকিবুল বলছেন, ইউনিয়ন পরিষদ (নির্বাচন) নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ তাঁর ওপর হামলা করেছে।
রাকিবুল সরিষা ইউনিয়নের জাগীর বাগলী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আজাদ বিশ্বাস। রাকিবুল মৌসুমি ব্যবসায়ী। ধান-পাটসহ বিভিন্ন মালামাল কেনাবেচা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাকিবুল বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিগত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাসের পক্ষে কাজ করেন। এতে করে ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সোবহানের লোকজন তাঁর ওপর ক্ষিপ্ত হয়। মঙ্গলবার রাত আটটার দিকে গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।
তবে আবদুস সোবহান বলেন, তাঁর পক্ষের কেউ এ হামলায় জড়িত নন। তিনি আরও বলেন, তিনি হাসপাতালে রাকিবুলকে দেখতে গিয়েছিলেন। তিনি হামলাকারী হিসেবে শাহীনের নাম বলেছেন। অথচ একটি মামলার আসামি শাহীন অনেক আগে থেকেই পলাতক রয়েছেন।
রাকিবুল বিশ্বাসকে লাঠিসোঁটা দিয়ে পিটুনির পাশাপাশি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সরোজিত দাস প্রথম আলোকে বলেন, রাকিবুলের মাথায় তিনটি স্থানে কোপ লেগেছে। সেখানে অনেকগুলো সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
সরিষা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস এ হামলার নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, রাকিবুলের পরিবার বাদী হয়ে গতকাল বুধবার সকালে থানায় হত্যাচেষ্টার মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।