রাজবাড়ীতে বড় ভায়রাকে শ্বাসরোধ করে হত্যা
রাজবাড়ীর পাংশা উপজেলার উদয়পুর গ্রাম থেকে গতকাল শনিবার আলম প্রামাণিক (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা বলছে, আলমকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তাঁরই ছোট ভায়রা করিম খাঁ (২৩)। এ খুনের ঘটনার নেপথ্যে রয়েছে করিমের স্ত্রীর সঙ্গে আলমের সম্পর্ক থাকার অভিযোগ।
নিহত আলম উপজেলার হাবাসপুর ইউনিয়নের ইসমাঈল প্রামাণিকের ছেলে। খুনের ঘটনায় আটক হওয়া করিম একই ইউনিয়নের চর লক্ষ্মীপুর জৈকুরী গ্রামের বাসিন্দা।
পাংশা থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদয়পুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে িনজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হন আলম প্রামাণিক। গ্রামের কানাবিল এলাকায় পৌঁছালে তাঁর পথরোধ করেন ছোট ভায়রা করিম খাঁ ও তাঁর এক সহযোগী। প্রথমে তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আলমকে কিল-ঘুষি মেরে ও শ্বাসরোধ করে হত্যা করেন তাঁরা। এরপর পাশের একটি আখখেতের মাঝখানে গর্ত করে লাশ পুঁতে রাখেন।
গতকাল সকালে লাশটি উদ্ধারে নেতৃত্ব দেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান (সদর সার্কেল)। তিনি প্রথম আলোকে বলেন, তিন-চার ফুট বর্গাকৃতির একটি গর্তে হাঁটু ভেঙে আলমের লাশ পুঁতে রাখা হয়েছিল। এমন নিখুঁতভাবে কাজটা করা হয়, কারও পক্ষে সহজে বোঝার উপায় ছিল না ওখানে লাশ আছে।
পুলিশ বলছে, আলম বাড়ি না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে পরিবার। না পেয়ে পরদিন শুক্রবার সকালে তাঁর বড় ভাই বারেক প্রামাণিক বিষয়টি পাংশা থানা-পুলিশকে জানান। পুলিশ সন্দেহভাজন হিসেবে গতকাল ভোররাত চারটার দিকে করিম খাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন ও লাশের অবস্থান বলে দেন।
পুলিশ কর্মকর্তা আজাদ রহমান বলেন, করিম খাঁর স্ত্রীর সঙ্গে বড় ভায়রা আলম প্রামাণিকের সম্পর্ক ছিল। এ নিয়ে দুজনের মধ্যে অতীতে ঝগড়াও হয়। তারপরও পরিস্থিত না বদলানোয় ক্ষুব্ধ ছিলেন করিম খাঁ। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে এসব কথা বলেছেন।
ময়নাতদন্তের জন্য আলম প্রামাণিকের লাশ গতকাল দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ মর্গেই ছিল।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, নিহত ব্যক্তির বড় ভাই বারেক গতকাল বিকেলে থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে করিম খাঁ ও তাঁর এক সহযোগীকে আসামি করা হয়েছে। তবে ওই সহযোগীর নাম প্রকাশ করতে চাননি ওসি।