রাজবাড়ীতে রেললাইনে নারীর লাশ
রাজবাড়ীর সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের সুতানদীর সেতু এলাকার রেললাইন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মঞ্জুরী খাতুন (২৬)। তাঁর স্বামীর নাম চঞ্চল মোল্লা। তিনি রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর গ্রামের ফুড অফিস এলাকার বাসিন্দা। মঞ্জুরীর বাবার বাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামে।
নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, মঞ্জুরীকে হত্যা করে লাশ রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে উড়াকান্দা গ্রামের গোলাপ আলী মোল্লার মেয়ের সঙ্গে চঞ্চলের বিয়ে হয়। মঞ্জুরী-চঞ্চল দম্পতির ঘরে চার বছরের একটি মেয়ে রয়েছে।
নিহত ব্যক্তির ভাই আনিস মোল্লা বলেন, বিয়ের কয়েক বছর পর থেকে মঞ্জুরীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। প্রায়ই তাঁর বোনকে মারধর করা হতো। চঞ্চল মাদকাসক্ত ছিলেন। মঞ্জুরীকে কয়েকবার মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মারধর করার বিষয়ে কয়েকবার সালিস বৈঠক হয়। ধারণা করা হচ্ছে, মঞ্জুরীকে খুন করে লাশ রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছিল।
হত্যার অভিযোগ অস্বীকার করেছেন নিহত ব্যক্তির স্বামী চঞ্চল মোল্লা। তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে মঞ্জুরীকে ঘরে পাইনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি। পরে জানতে পারি ট্রেনে কাটা এক নারীর লাশ পাওয়া গেছে। এরপর শ্বশুরবাড়ির লোকজন মামলা ও পুলিশে দেওয়ার হুমকি দেওয়ায় আমি লাশের কাছে যাইনি।’
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বলেন, বেলা ১১টার দিকে ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের ময়নাতন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।