রাজবাড়ীতে সহপাঠীকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় গতকাল রোববার আবু সায়েম ওরফে সাদ (১৩) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে তার দুই সহপাঠী। এ ঘটনায় এক সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবু সায়েম শহরের অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের আবদুস সোবাহানের ছেলে।

আবু সায়েমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলীর বাড়ি থেকে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল আবু সায়েম। এ সময় তার সহপাঠী ইমরান (১৩) ও আসিফ (১৩) তাকে ডেকে সদর থানার পেছনে নিয়ে যায়। একপর্যায়ে তারা তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এ সময় এক প্রতিবেশী ঘটনাটি দেখে চিৎকার করলে ইমরান ও আসিফ পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও স্কুলব্যাগ উদ্ধার করেছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) এস এম হান্নান বলেন, শিশুটির ঘাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অস্ত্রোপচারের সময় শিশুটির শরীরে আট ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। শিশুটি এখন শঙ্কামুক্ত। ধারণা করা হচ্ছে, শিশুটির দীর্ঘমেয়াদি সমস্যা হতে পারে।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেক আহমেদ বলেন, এ ঘটনায় আবু সায়েমের বাবা বাদী হয়ে গতকাল থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর ইমরানকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শিক্ষার্থীকে পিটুনি: এদিকে রাজবাড়ীর পাংশার সরিষা ইউনিয়নের বিলজালিয়া গ্রামের রমজান বিশ্বাসের কাছে গত শনিবার রাতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে কয়েকজন দুর্বৃত্ত। টাকা না পেয়ে দুর্বৃত্তরা রমজানের ছেলে মুরাদ বিশ্বাসকে (১৭) পিটিয়ে আহত করে। মুরাদকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুরাদ স্থানীয় বহলাডাঙ্গী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পাংশা থানার এসআই হাসিনা বেগম বলেন, ‘লোকমুখে ঘটনাটি শুনেছি। কিন্তু কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’