রাজবাড়ীতে সাব-রেজিস্ট্রারসহ পাঁচজনকে মারধর
রাজবাড়ীতে কার্যালয়ে প্রবেশ করে সদর উপজেলার সাব-রেজিস্ট্রারসহ পাঁচজনকে মারধর করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার গাজী আবদুল করিম, অফিস সহকারী গুরুদাস হালদার, স্ট্যাম্প ভেন্ডার হারুন শেখ, দলিল লেখক রেজাউল ইসলাম ও কর সংগ্রহকারী (ট্যাক্স কালেক্টর) আবদুল মালেক। এঁদের মধ্যে সাব-রেজিস্ট্রার আবদুল করিম রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অফিস সহকারী গুরুদাস হালদার বলেন, ‘বড়পুল এলাকার অমিতসহ চারজন তিনটার দিকে এসে বলে, কত টাকা আছে ড্রয়ার খোল। এ সময় আমি বাধা দিলে আমাকে কিলঘুষি মারতে থাকে।’
সাব-রেজিস্ট্রার গাজী আবদুল করিম প্রথম আলোকে বলেন, তিনি কয়েক মাস আগে এখানে যোগদান করেছেন। তিন-চারজন যুবক প্রথমে অফিস সহকারীকে মারধর করে। পরে এজলাসে বসে থাকা অবস্থায় তাঁকেও মারধর করে। একপর্যায়ে অফিসের আরও কয়েকজন এগিয়ে এলে তাদেরও হাতুড়িপেটা ও কিলঘুষি মারা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিকেল পাঁচটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।