রাজবাড়ীতে সীমানা পিলার পাচারকারী সন্দেহে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় সীমানা পিলার পাচারকারী সন্দেহে দুজনকে গত মঙ্গলবার আটক করেছে র্যা ব।
আটক দুজন হলেন জাহাঙ্গীরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার ধুলদী জয়পুর গ্রামে জাহাঙ্গীর হোসেন শেখ (৪৫) ও ঢাকার তুরাগ নদ এলাকার কামারপাড়া গ্রামের জহিরুল ইসলাম ওরফে জহির (২৮)।
ফরিদপুর র্যা ব-৮-এর কোম্পানি কমান্ডার মো. রইছ উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে জয়পুর গ্রামে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ির গোয়ালঘরে মাটি খুঁড়ে একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। জমির সীমানা নির্ধারণে ব্রিটিশ আমলে ব্যবহৃত এসব পিলার অতি মূল্যবান বলে গুজব রয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর ও তাঁর সহযোগী জহিরকে আটক করা হয়।
র্যা ব বলছে, আটক দুজন একটি সংঘবদ্ধ দলের সদস্য, যাঁরা সীমানা পিলার পাচারে জড়িত। এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে রাজবাড়ী সদর থানায় র্যা ব মামলা করেছে। এ মামলায় আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে পুলিশি হেফাজতে অভিযুক্ত জাহাঙ্গীর বলেন, ওই পিলারের মালিক ঝিনাইদহের আবদুল কুদ্দুস। ফরিদপুর শহরে ইজিবাইক চালানোর সূত্রে সাত-আট মাস আগে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। কুদ্দুস মাস দু-এক আগে সীমানা পিলারটি তাঁর বাড়িতে রেখে যান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া বলেন, র্যা বের করা মামলায় আটক জাহাঙ্গীর ও জহিরকে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।