রাজবাড়ীতে স্বাধীনতা চত্বরে বালু রেখে ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে স্বাধীনতা চত্বরে বালু রেখে ব্যবসা করছেন ক্ষমতাসীন দল-সমর্থিত সংগঠনের এক কর্মী। এতে করে চত্বরটি সৌন্দর্য হারাচ্ছে।
ওই ব্যবসায়ী নাম ওহাব সরদার। তিনি আওয়ামী লীগ-সমর্থিত সংগঠন রিকশা শ্রমিক লীগের কর্মী। গত বছর তিনি রিকশা শ্রমিক লীগে যোগ দেন। এর আগে তিনি জাতীয়তাবাদী রিকশা শ্রমিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০০ সালে কলেজ রোডের পুরাতন লাইব্রেরি মোড় এলাকায় স্বাধীনতা চত্বর নির্মাণের কাজ শুরু করা হয়। এখানে বড় আকারের একটি ম্যুরাল তৈরি করা হয়। ম্যুরালের সামনে রয়েছে বেদি। প্রায় দুই বছর পরে তৎকালীন সাংসদ ও চত্বরের উদ্যোক্তা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর উদ্বোধন করেন। বছর খানেক আগে এখানে বালুর ব্যবসা শুরু করেন ওহাব সরদার। কিন্তু তিনি ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত থাকায় কেউ এ বিষয়ে প্রতিবাদ করতে সাহস পান না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ম্যুরালের বাঁ পাশ ঘেঁষে বিক্রির জন্য দুই ধরনের বালু রাখা হয়েছে। বিপরীত পাশে ডান দিকে স্থাপন করা হয়েছে অস্থায়ী মুদি দোকান। চত্বরের সামনে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। দীর্ঘদিন কোনো ধোয়ামোছার কাজ করা হয় না। ম্যুরালের কিছু অংশজুড়ে লাগানো হয়েছে পোস্টার।
স্থানীয় বাসিন্দা ও ছাত্রনেতা প্রসেনজিৎ কুমার রায় বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা চত্বরটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এর রক্ষণাবেক্ষণের জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখছি না। বরং চত্বরে বালুর ব্যবসা করা হচ্ছে। কেউ কেউ ময়লা-আবর্জনা ফেলছে। এতে করে একদিকে চত্বরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে চত্বরটির তাৎপর্য ম্লান হয়ে যাচ্ছে।’
ওহাব সরদার বলেন, ‘প্রায় দুই বছর ধরে বালুর ব্যবসা করি। আমার বাড়ি একটু ভেতরের দিকে হওয়ায় চত্বরের পাশে বালু রেখেছি। বৃষ্টির কারণে বালু চত্বরে গিয়ে পড়েছে। কেবল চত্বরের পাশে রাস্তার ওপর কয়েক ট্রাক বালুর স্যাম্পল রেখেছি।’
ওহাব সরদারের পরিচয় নিশ্চিত করে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহম্মদ আলী চৌধুরী বলেন, চত্বরটি মহান স্বাধীনতার স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে করা হয়েছে। চত্বরের যাতে সৌন্দর্যহানি না হয়, সেদিকে খেয়াল রাখা হবে। চত্বরটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।