রাজমিস্ত্রিকে কুপিয়ে ও গৃহবধূকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জ সদর উপজেলায় কুপিয়ে এক রাজমিস্ত্রি এবং কামারখন্দ উপজেলায় পিটিয়ে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সদরের শিয়ালকোল ইউনিয়নের দিয়ার কালিয়া গ্রামের রাজমিস্ত্রি আবদুস সবুরকে (৩২) কুপিয়ে এবং গতকাল শুক্রবার সকালে কামারখন্দের কোনাবাড়ী গ্রামে গৃহবধূ মুক্তি খাতুনকে (২২) পিটিয়ে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, সবুর বাড়ির পাশে রাস্তার মোড়ের একটি দোকানে ক্যারম বোর্ড খেলছিলেন। রাত সাড়ে আটটার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ডেকে নিয়ে দোকানের পেছনেই মাথায় উপর্যুপরি কোপায়। এরপর তাঁকে মাঠের মধ্যে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী থানায় খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত সবুরের বাবা আবদুল জব্বার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরকার বলেন, কোনাবাড়ী গ্রামের শহীদ আলমের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে যৌতুককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী ও তাঁর পরিবারের অন্যদের কলহ চলে আসছিল। এরই জের ধরে গতকাল ভোররাতে শহীদ আলম ও পরিবারের লোকজন মিলে মুক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁরাই মুক্তিকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ওসি বাবুল উদ্দিন সরকার আরও বলেন, এ ঘটনায় মুক্তির বাবা জামতৈল গ্রামের মোতাহের হোসেন বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।