রাজশাহী আদালত চত্বর থেকে পালাল আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা জজ আদালত চত্বর থেকে মোখলেসুর রহমান (২৫) নামের মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। ওই আসামির বাড়ি পবা উপজেলার জাঙ্গালপাড়া গ্রামে। গতকাল রোববার বিকেলে পালিয়ে যাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পবা থানার একটি সূত্র জানিয়েছে, গত শনিবার রাতে ১০০টি ইয়াবা বড়িসহ পবা থেকে মোখলেসুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ ব্যাপারে পবা থানায় একটি মামলা হয়েছে। তবে আসামিকে থানায় হস্তান্তর করা হয়নি। তাঁকে জেলা ডিবি কার্যালয় থেকেই আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। গতকাল সন্ধ্যায় জেলা জজ আদালতের পুলিশ জানিয়েছে, বিকেলে আদালত চত্বর থেকে মোখলেসুর রহমান পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে থানা-পুলিশের সহযোগিতাও চাওয়া হয়েছে।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, অভিযান চলছে। এখনো তাঁকে ধরা যায়নি। কীভাবে পালিয়ে গেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘কোর্ট পুলিশের কাছ থেকে আসামি পালিয়ে গেছে বলে শুনেছি। তবে কীভাবে পালিয়ে গেছে, তা জানি না।’