রাজশাহী এসে ব্যবসায়ী দেড় মাস ধরে নিখোঁজ

রাজশাহীতে এসে নাটোরের লালপুরের এক ব্যবসায়ী দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যবসায়ীর ছেলে এ ব্যাপারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে অভিযোগ করেছেন। নগরের বোয়ালিয়া থানায় একটি মামলাও করেছেন তিনি।
এ ঘটনায় র্যাব দুই আসামিকে আটক করেছে। তাঁরা হলেন নগরের বোয়ালিয়া থানার মঠপুকুর এলাকার সাজ্জাদ হোসেন ও লালপুরের দুড়দুড়িয়া গ্রামের টিপু সুলতান। নিখোঁজ ব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম। বাড়ি লালপুর উপজেলার দুড়দুড়িয়া কারিগরপাড়া গ্রামে। তিনি একজন মুদি দোকানি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর সকাল নয়টায় নগরের বোয়ালিয়া থানার মঠপুকুর এলাকার সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তির ফোন পেয়ে শহিদুল বাড়ি থেকে বের হন। বেলা তিনটার দিকে শহিদুলের মুঠোফোন থেকে তাঁর ছেলে শাকিলকে ফোন দেন সাজ্জাদ। তিনি বলেন, বাবাকে ছাড়িয়ে নিতে হলে পাঁচ লাখ টাকা নিয়ে আসতে হবে।
শাকিল জানান, সাজ্জাদ হোসেন তাঁর বাবার পূর্বপরিচিত। তিনি তাঁদের বাড়িতে অনেকবার গেছেন। ২১ নভেম্বর ফোনে তাঁর বাবার সঙ্গে তিনি দুবার কথা বলেছেন। পরের দিন আরও দুবার কথা হয়েছে।
২৬ নভেম্বর তাঁরা লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শাকিল জানান, লালপুর থানার পুলিশ তাঁদের রাজশাহীর বোয়ালিয়া থানায় মামলা করার পরামর্শ দেয়। পরের দিন বোয়ালিয়া থানায় মামলা করতে এলে বোয়ালিয়া থানার পুলিশ তাঁদের লালপুর থানায় মামলা করে আসতে বলে। অবশেষে তাঁরা র্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। র্যাব ৫ ডিসেম্বর আসামি সাজ্জাদ হোসেন ও লালপুরের টিপু সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মামলার তদন্ত কর্মকর্তা সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ঘটনার ১৫ দিন পর বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। ১৫ দিন অনেক সময়। এ সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। শহিদুল ইসলাম রাজশাহীতে এলেও রাজশাহী থেকেই যে নিখোঁজ হয়েছেন, এটা বলা যাবে না। তিনি আরও বলেন, সাজ্জাদকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। আসামি অসুস্থ থাকায় আদালত রিমান্ড মঞ্জুর করেননি।