রাজশাহী ও দিনাজপুরে গৃহবধূসহ দুজন খুন
রাজশাহীর চারঘাট উপজেলার পশ্চিম বালাদিয়াড় গ্রামে গতকাল বুধবার সকালে এক গৃহবধূ খুন হয়েছেন। এদিকে গত মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক কম্পিউটার অপারেটর শহরের একটি ছাত্রাবাসে খুন হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, নিহত গৃহবধূর নাম রুপা খাতুন (২৫)। বিরোধপূর্ণ একটি গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে রুপার স্বামী রহিদুলের বাড়ির সীমানার মধ্যে একটি গাছ থেকে প্রতিবেশী ফজল সরকার ও তাঁর ছেলেরা ডাব পাড়তে যান। রহিদুল তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফজলের ছেলে মহিরুল ইসলাম কুড়াল দিয়ে রহিদুলকে কোপ দিতে যান। কিন্তু রুপা তাঁর স্বামীকে টেনে নিয়ে আসার চেষ্টা করছিলেন। এ সময় কুড়ালের কোপটি তাঁর মাথায় এসে লাগে। এতে ঘটনাস্থলেই রুপার মৃত্যু হয়। এ ঘটনায় মহিরুল, তাঁর বাবা ফজল ও আত্মীয় হান্নান সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে মঙ্গলবার রাত নয়টার দিকে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড-সংলগ্ন ‘রাজ্জাক ছাত্রাবাসে’ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের হাতে শিক্ষাপ্রতিষ্ঠানটির কম্পিউটার অপারেটর আবদুর রহিম (২৮) খুন হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শুভ শেখ (২৪) নামের ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুভ নিজেও আহত হয়েছেন।
কোতোয়ালি থানার ওসি মো. খালেকুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া শুভ শেখের বাড়ি পাবনা সদর উপজেলার দোহাপাড়া গ্রামে। নিহত আবদুর রহিমের বাড়ি সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে। খুনের এই ঘটনায় শুভকে আসামি করে মামলা হয়েছে।