রাজশাহী ও বগুড়ায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় এক কৃষক এবং নওগাঁর মান্দায় ধান কাটাকে কেন্দ্র করে হামলায় এক তরুণ খুন হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারিনগর গ্রামের কৃষক আরশেদ আলী (৫৫) ও মান্দার ভারশোঁ ইউনিয়নের কবুলপুর গ্রামের বকুল ইসলাম (২২)।
আরশেদ আলীর স্ত্রী গোলেনুর বেগম জানান, গ্রামের প্রভাবশালী জাহির উদ্দীনের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত তাঁদের পক্ষে রায় দিলে তাঁরা ওই জমিতে পাট বোনেন। কিন্তু গতকাল বুধবার ভোরে জাহির উদ্দীনের ছেলেরা তাঁদের ওই জমিতে হালচাষ শুরু করেন। খবর পেয়ে আরশেদ বাধা দিতে গেলে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। তাঁকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় ছয় যুবক আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আরশেদ আলী মারা যান। বাকিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল মমিনের অবস্থা আশঙ্কাজনক।
গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, সংঘর্ষের পর পালিয়ে যাওয়ার সময় বিদিরপুর খেয়াঘাট থেকে জাহির উদ্দীন ও তাঁর ছেলে হাবিবুর রহমান, সৈয়ব আলী, রুহুল আমিন এবং আল-আমিনকে (৩০) আটক করা হয়েছে।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সনাতন সরকার জানান, গত মঙ্গলবার বিকেলে কয়েকজন শ্রমিক নিয়ে বকুল গ্রামের সিঙ্গলপুরী মাঠে নিজের জমিতে ধান কাটতে যান। এ সময় ধানের আঁটি বাঁধাকে কেন্দ্র করে শ্রমিক সুমন ওরফে বাবু ও তাঁর ভাই মোজাম্মেল হক মোজামের সঙ্গে কথা তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন তাঁর হাতে থাকা কাস্তে দিয়ে বকুলের তলপেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। সন্ধ্যায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে সুমন ও মোজাম পলাতক।
ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই মোখলেসুর রহমান বাদী হয়ে ওই দিনই সুমন ও মোজামের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।