রাজশাহী ও সরাইলে অস্ত্রসহ আটক ৩
রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই দিনে আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন কলেজছাত্র বলে জানিয়েছে পুলিশ।
প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক জানান, আজ শনিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর মোড়ে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তিতাস (১৯) নামের এক যাত্রীর কাছ থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও দশটি গুলি উদ্ধার করা হয়। পরে তিতাসকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) এসআই আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিতাসের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুরে। তিনি শিবগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। ১০ হাজার টাকার বিনিময়ে ওই আগ্নেয়াস্ত্র রাজধানী ঢাকার কলাবাগানে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। এসআই বলেন, এ ঘটনায় পুঠিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে। আগ্নেয়াস্ত্রের উৎস ও গন্তব্যস্থল সম্পর্কে আটক তিতাসের কাছ থেকে আরও তথ্য নেওয়ার চেষ্টা করা হবে।
আমাদের সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর নৌকাঘাটে একটি বন্দুক ও পাঁচটি গুলিসহ শাহিন কাদির (২৮) ও জুয়েল মিয়া (২৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদি এলাকায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ প্রথম আলোকে বলেন, আটক শাহিন ও জুয়েলের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও ভৈরব থানায় একাধিক মামলা আছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সরাইল থানায় তাঁদের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।