শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী রাজশাহী কলেজে এইচএসসিতে ইংরেজি ভার্সনের ৫০ জন শিক্ষার্থীকে ভর্তির কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ তা করছে না। অভিযোগ উঠেছে, ইংরেজি ভার্সনে যে অল্প কয়জন ভর্তি হয়েছে, তাদের ক্লাসও নেওয়া হচ্ছে না।
রাজশাহী কলেজ দপ্তর সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কলেজে এবার ৫০ আসনে ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ইংরেজি ভার্সনে পড়তে আগ্রহী ৩৫ জন শিক্ষার্থী অনলাইনে ভর্তি ফরম পূরণ করে। কিন্তু ভর্তি হয়েছে মাত্র পাঁচজন।
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে সাবেক উপাধ্যক্ষ আবদুস সামাদ মণ্ডল বলেন, তাঁর ছেলেকে ইংরেজি ভার্সনে ভর্তি জন্য অনলাইনে আবেদন করেছিলেন। রাজশাহী কলেজে ভর্তির জন্য অনুমতি দেওয়া হয়েছে। রাজশাহী কলেজে ভর্তির জন্য যোগাযোগ করা হলে অদ্যাবধি কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। একবার রাজশাহী শিক্ষা বোর্ড, আরেকবার রাজশাহী কলেজে দৌড়াদৌড়ি করতে করতে তিনি হয়রান। তিনি আরও বলেন, গত ১ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির ক্লাস শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাঁর ছেলের ভর্তির কোনো ফয়সালা হয়নি। এ নিয়ে তাঁরা ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন।
ইংরেজি ভার্সন বিদ্যালয় থেকে পাস করা এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, রাজশাহী কলেজে ইংরেজি ভার্সনে পড়ার জন্য সে ফরম পূরণ করেছিল। অনেক ঝামেলার পর সে অবশেষে ভর্তি হতে পেরেছে। ইংরেজি ভার্সনে তার জানামতে পাঁচজন শিক্ষার্থী ভর্তি হতে পেরেছে। কিন্তু তাদের কোনো ক্লাস নেওয়া হচ্ছে না।
নগরের মুনতাকেমা জামান নামের একজন অভিভাবক অভিযোগ করেন, তাঁর ছোট ভাই অনলাইনে আবেদন করে রাজশাহী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশ থাকার পরও তাঁর ভাইকে রাজশাহী কলেজে ভর্তি করাতে অনেক বেগ পেতে হয়েছে। কিন্তু ভর্তি করে নিলেও ইংরেজি ভার্সনে আর পড়ানো হচ্ছে না। বাংলা ভার্সনের শিক্ষার্থীদের সঙ্গে তাদের মিশিয়ে দেওয়া হয়েছে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ইংরেজি ভার্সনে ৫০ জন শিক্ষার্থীকে তাঁরা ভর্তি করাতে সম্মত হয়েছিলেন। এ ৫০ জন শিক্ষার্থীকে আলাদা একটা কক্ষে পাঠদান করানোর মতো অবকাঠামো কলেজের নেই। এটা নিয়েই তাঁরা বিপাকে পড়েছেন। ইংরেজি ভার্সনে ক্লাস না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, যে কয়েকজন শিক্ষার্থী ইংরেজি ভার্সনে ভর্তি হয়েছে, তাদের ক্লাস হচ্ছে।
এ ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত বলেন, রাজশাহী কলেজে ইংরেজি ভার্সনে ভর্তি বিষয়ে একটা সমস্যা হয়েছে। এখন ভুল যারই হোক সমাধানের চেষ্টা চলছে।