রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আজ রোববার জখম করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রলীগ কর্মীর নাম মোহাম্মদ বাদশা (২৫)। তাঁর বাড়ি নগরের মেহেরচণ্ডী এলাকায়।
ছাত্রলীগ অভিযোগ করেছে, ছাত্রদল এই হামলা চালিয়েছে। ছাত্রদলের ভাষ্য, ছাত্রলীগের ওই কর্মী এর আগে তাঁদের ওপর হামলা করেছিলেন। আজ ফের হামলার জন্য কলেজে ঢুকেছিলেন। ছাত্রদল কর্মীরা তাঁকে প্রতিরোধ করেছেন।

গুরুতর আহত বাদশাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ৩১ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ দুপুরে রাজশাহী কলেজ ক্যানটিন থেকে বের হওয়ার পর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মত্তু‌র্জা ফামিন ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের নেতৃত্বে ১০-১২ জন কর্মী বাদশার ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা বাদশাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপান। এ সময় রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম খান ববিন বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। বাদশাকে প্রকাশ্যে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ছাত্রদলের ওই নেতা-কর্মীরা।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম খান ববিন জানান, বাদশা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি করতেন। তিনি রাজশাহী কলেজের ছাত্র নন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না, তাও তিনি জানেন না। তবে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। কিছুদিন আগে ছাত্রদলের নেতা ফামিনকে মারধর করার ঘটনা নিয়ে বাদশার সঙ্গে ফামিনের শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরেই এই হামলা হতে পারে। তিনি আরও জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা রামদা, লোহার রড ও হাতুড়ি নিয়ে আকস্মিকভাবে বাদশার ওপর হামলা চালান। তাঁদের হামলায় বাদশার সারা শরীরে জখম হয়েছে।

এ ব্যাপারে রাজশাহী কলেজ ছাত্রদল সভাপতি মত্তু‌র্জা ফামিন বলেন, ‘কিছুদিন আগে বাদশা চাইনিজ কুড়াল দিয়ে আমাকে কুপিয়েছিল। এবার আবারও হামলার জন্য কলেজের ভেতরে প্রবেশ করলে ছাত্রদল কর্মীরা তাঁকে প্রতিরোধ করেছে।’ তিনি জানান, বাদশা কোথাও পড়াশোনা করেন না। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ান।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, হামলার শিকার বাদশা ছাত্রলীগের কর্মী বলে পরিচিত। ছাত্রদলের নেতা ফামিনের ছেলেরাই তাঁকে মেরেছেন। তিনি জানান, একসময় বাদশা ফামিনের খুব কাছের বন্ধু ছিলেন। গত বিশ্বকাপ খেলার সময় নিজেদের মধ্যে মারামারি হয়েছিল। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ্যে এই হামলার পর রাজশাহী কলেজে আতঙ্কের সৃষ্টি হয়।
কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান জানান, বাদশা আগে ছাত্রদলের সঙ্গেই ঘুরে বেড়াতেন। বাদশা এর আগে ছাত্রদলের নেতাকে মেরেছিলেন। এখন তাঁরা সেই প্রতিশোধ নিয়েছেন। তিনি বলেন, এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।