রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
রাজশাহী কলেজে গতকাল রোববার ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ওই কর্মীর নাম মোহাম্মদ বাদশা (২৫)। তাঁর বাড়ি নগরের মেহেরচন্ডী এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
ছাত্রলীগ অভিযোগ করেছে, ছাত্রদল এই হামলা চালিয়েছে। ছাত্রদল বলছে, ওই ছাত্রলীগের কর্মী এর আগে তাদের ওপরে হামলা করেছিল। ফের হামলার জন্য কলেজে ঢুকেছিল। তাই ছাত্রদল কর্মীরা তাকে প্রতিরোধ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে রাজশাহী কলেজ ক্যানটিন থেকে বের হয়ে আসার সময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মর্তুজা ফামিন ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের নেতৃত্বে ১০-১২ জন কর্মী এসে বাদশাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম খান বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তাঁরা বাদশাকে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে মাহবুব আলম খান জানান, বাদশা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি করতেন। তিনি রাজশাহী কলেজের ছাত্র নন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না, তাও তিনি জানেন না। তবে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত। কিছুদিন আগে ছাত্রদল নেতা ফামিনকে মারধর করার ঘটনা নিয়ে বাদশার সঙ্গে তাঁর শত্রুতা সৃষ্টি হয়। এর জের ধরেই এই হামলা হতে পারে। তিনি আরও জানান, ছাত্রদল নেতা-কর্মীরা রামদা, লোহার রড ও হাতুড়ি নিয়ে আকস্মিকভাবে বাদশার ওপর হামলা চালান। তাঁদের হামলায় বাদশার সারা শরীর জখম হয়েছে।
রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মর্তুজা ফামিন দাবি করেন, ‘কিছুদিন আগে বাদশা চায়নিজ কুড়াল দিয়ে আমাকে কুপিয়েছিল। এবার আবারও হামলার জন্য কলেজের ভেতরে প্রবেশ করলে ছাত্রদলের কর্মীরা তাকে প্রতিরোধ করেছে।’ তিনি আরও বলেন, ‘বাদশা কোথাও পড়াশোনা করেন না। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ান।’