রাজশাহী জিপিওতে ককটেল, একজনকে গণপিটুনি
রাজশাহী জেনারেল পোস্ট অফিসে (জিপিও) আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে জিপিওর একটি জানালার কাচ ভেঙে গেছে। ঘটনার পর দৌড়াতে দেখে জনতা সন্দেহভাজন হিসেবে ফরিদুল হোসেন ওরফে রবিউল নামে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদুল হোসেনের বাড়ি বাড়ি নগরের কাজীহাটা এলাকায়। তিনি নিজেকে ওষুধ ব্যবসায়ী বলে পরিচয় দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জিপিওর একজন কর্মচারীর ভাষ্য, দুপুর ১২টার দিকে তাঁরা জিপিও ভবনের উত্তর পাশে একটি কক্ষে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখছিলেন। এ সময় উত্তর পাশের দেয়ালে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। তাঁরা দৌড়ে আসতে আসতে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় জানালার একটি কাচ ভেঙে যায়। তবে যে কক্ষের কাচ ভেঙেছে ওই কক্ষটি তালাবদ্ধ ছিল। এ জন্য কেউ আহত হননি।
হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জানালার পাশে ককটেলের মাথায় জড়ানো লাল রঙের টেপ পড়ে রয়েছে। তালাবদ্ধ দরজাটি তখনো খোলা হয়নি। জানালার কাচ ভেঙে নিচে পড়েছে। এতে অনেকটা জায়গা গোল হয়ে ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ভবনের উত্তর পাশ দিয়ে দৌড়াতে দেখে স্থানীয় জনতা ফরিদুলকে ধাওয়া করে। একপর্যায়ে তারা নগরের লক্ষ্মীপুর কাঁচাবাজারের মধ্যে গিয়ে তাঁকে ধরে ফেলে। বাজারের লোকজন তাঁকে পিটুনি দেয়। খবর পেয়ে নগরের রাজপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন ফরিদুলের দাবি, তিনি ককটেল ছুড়েননি। তাহলে পালাচ্ছিলেন কেন-জানতে চাইলে তিনি বলেন, একটি ছেলে ককটেল ছুড়ে দৌড়ে পালাচ্ছিল। এটা দেখে তিনি নিজেও পালাচ্ছিলেন। কারণ, সারা দেশে নিরীহ মানুষ ধরা পড়ছে। তাঁকেও যদি সন্দেহ করে ধরে ফেলে-এই ভয়ে তিনি পালাচ্ছিলেন।
ফরিদুলের পায়ে ফিতা বাঁধা কালো রঙের কেডস রয়েছে, পরনে প্যান্ট। তাঁর দাবি, তিনি ওষুধের ব্যবসা করেন। তবে তাঁর কাছে ওষুধের কোনো ব্যাগ ছিল না।
রাজপাড়া থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) চঞ্চল মাহমুদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আহত হওয়ার কারণে ওই ব্যক্তিকে থানায় নেওয়া হয়নি; হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
গত বুধবার রাজশাহীর আদালত চত্বরে এবং গত মঙ্গলবার রাজশাহী শিক্ষাবোর্ডে একইভাবে ককটেল হামলা চালানো হয়। ১২ মার্চ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে মিজানুর রহমান নামের একজন কারারক্ষী আহত হন।