রাজশাহীর পবা উপজেলায় একটি সংবর্ধনা সভায় গতকাল সোমবার হামলার অভিযোগ পাওয়া গেছে। সভাটিতে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার উপস্থিত ছিলেন। এ ঘটনার পর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের কার্যালয়ে পাল্টা হামলার অভিযোগ উঠেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ওই সভায় প্রধান অতিথি করা নিয়ে দুপক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর জের ধরে নিজেদের মধ্যে মারামারি হয়েছে। কয়েকটা চেয়ার-টেবিলও ভাঙচুর হয়েছে।
দলীয় সূত্র জানায়, মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান গতকাল পবার কাপাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে। বিকেল চারটার দিকে প্রধান অতিথি মোহাম্মদ আলী সরকারসহ অতিথিরা মঞ্চে ওঠেন। আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এর কিছুক্ষণ পরই সেখানে হামলার ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি জনি ইসলামের নেতৃত্বে বিকেল সাড়ে চারটার দিকে ১২-১৫ জন যুবক মঞ্চের পেছন থেকে হামলা চালান। তাঁদের হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। তাঁরা প্রথমেই ধারালো অস্ত্র দিয়ে মঞ্চের পেছনের অংশের পর্দার কাপড় কেটে ফেলেন। পরে তাঁরা মঞ্চের ডান পাশে ও সামনে থাকা ৫০-৬০টি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেন। একপর্যায়ে মঞ্চ ভাঙচুরের চেষ্টা চালালে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলাকারীদের ধাওয়া করেন। এ সময় তাঁরা পালিয়ে যান। এরপর অনুষ্ঠানে নেতারা বক্তব্য দেন। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক খালিদ ওয়াসি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাইমুল হুদা, সংরক্ষিত আসনের সদস্য জয়জয়ন্তী সরকার এবং যুবলীগের নেতা শফিকুল সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, ‘এমপি আয়েন, ভুলে যাবেন না; আজ আপনি এমপি আমার করুণায়। আপনি আইনপ্রণেতা। আপনার কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। আপনার বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।’
জেলা ছাত্রলীগের সহসভাপতি জনি ইসলাম বলেন, তিনি এখন যুবলীগের হয়ে কাজ করেন। ওই অনুষ্ঠানস্থলের পাশে যুবলীগেরও অনুষ্ঠান ছিল। সেখানে আগে হামলা হয়। এর জের ধরে সেখানে মারামারি হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই ঘটনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের বহরমপুর এলাকায় সাংসদ আয়েন উদ্দিনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ১৫-২০ জন যুবক সেখানে হামলা চালিয়ে কার্যালয়ের সামনে রাখা কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। তাঁরা পাশের দুটি দোকানের চেয়ারও ভাঙচুর করেন।
সাংসদ আয়েন উদ্দিন বলেন, বিকেলে ওই অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার কথা ছিল। সেখানে তাঁকে প্রধান অতিথি করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর আধঘণ্টা আগে জেলা পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকারের সংবর্ধনার ব্যানার টানানো হয়। উল্টাপাল্টা এই কাজ দেখে স্থানীয় লোকজন অনুষ্ঠানের টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। ব্যানার ছিঁড়ে ফেলেছে। আর তাঁর নিজের কার্যালয় ভাঙার প্রশ্নই ওঠে না। হামলাকারীরা পাশের দোকানের চেয়ার ভাঙচুর করেছে। তাঁর কার্যালয়ের ক্ষতি হয়নি। তিনি এ হামলার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে দায়ী করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে হামলার বিষয়টি সামাল দেওয়ার জন্যই সাংসদ আয়েন উদ্দিন নিজের লোক দিয়ে নিজের কার্যালয়ের চেয়ার ভাঙচুর করেছেন।