রাজশাহী নগর ভবনে নারীর শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে নগর ভবনে এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার শিকার ওই নারী গতকাল সোমবার সন্ধ্যায় নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী ওই নারী হলেন নগর উন্নয়ন কমিটির (সিডিসি) চেয়ারম্যান। তাঁর দাবি, রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম তাঁর শ্লীলতাহানি করেছেন।

বোয়ালিয়া থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহানাজ পারভীন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

সিডিসি সিটি করপোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে তাদের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে। সিটি করপোরেশনের কাউন্সিলররা এর তত্ত্বাবধান করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সিডিসির সঞ্চয় পরীক্ষা করার জন্য কাউন্সিলর রবিউল আলমের পরামর্শে ও যোগসাজশে সিটি করপোরেশনে কর্তব্যরত এক ব্যক্তি ৫০ জন সদস্যের বই জমা নেন। গতকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বইগুলো নেওয়ার জন্য তিনি নগর ভবনে গিয়ে বসে ছিলেন। বেলা তিনটার দিকে বের হয়ে আসছিলেন। এ সময় সিঁড়িতে রবিউল আলম তাঁর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। তাঁর গায়ের চাদর ধরে টান দেন।

এ ব্যাপারে কথা বলার জন্য রবিউল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজ (সোমবার) আমি নগর ভবনেই যাইনি। আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’ এ কথা বলেই তিনি ফোনটি সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনকে ধরিয়ে দেন। তিনিও বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। থানায় অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করুক।’