রাজশাহী-নাটোর সীমান্তে ছিনতাইকারীরা বেপরোয়া
>সীমান্তবর্তী ওই এলাকাগুলো হলো রাজশাহীর বাঘা, পুঠিয়া ও চারঘাট এবং নাটোরের বাগাতিপাড়া থানার সংযোগস্থল, বাগাতিপাড়ার ধাপাড় ও জুগিপাড়া-কোয়ালিপাড়া মাঠ এবং বাঘা-লালপুরের তিন খুঁটির মোড়
রাজশাহী-নাটোর সীমান্ত এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। এত দিন সন্ধ্যার পরে এসব এলাকায় ছিনতাই হতো। সম্প্রতি এখানে দিনের বেলাতেই অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই হচ্ছে। গত তিন সপ্তাহে এই এলাকায় দিনের বেলায় চারটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বাঘা-নাটোরের লালপুর সীমান্তের তিন খুঁটির মোড় এলাকায় ছিনতাইকারীরা কলেজশিক্ষককে গুলি করে হত্যা করে তাঁর মোটরসাইকেলটি নিয়ে গেছে।
সীমান্তবর্তী ওই এলাকাগুলো হলো রাজশাহীর বাঘা, পুঠিয়া ও চারঘাট এবং নাটোরের বাগাতিপাড়া থানার সংযোগস্থল, বাগাতিপাড়ার ধাপাড় ও জুগিপাড়া-কোয়ালিপাড়া মাঠ এবং বাঘা-লালপুরের তিন খুঁটির মোড়। এসব এলাকার লোকজন বলেন, পুলিশকে বিভ্রান্ত করতে সন্ত্রাসীরা এক থানা এলাকায় ছিনতাই করে আরেক থানা এলাকায় ঢুকে পড়ে। এক থানার পুলিশ আরেক থানা এলাকায় ঢোকে না। ছিনতাইকারীরা এ সুযোগ নেয়।
রাজশাহী নগরের কয়ের দাঁড়া এলাকার আহসান হাবিব বলেন, গত ১৯ ডিসেম্বর বেলা দেড়টার দিকে তিনি পকেট খালি এলাকায় পুলিশ ফাঁড়ি পার হয়ে খানিকটা যেতেই একজন লোক মোটরসাইকেল দিয়ে রাস্তায় ব্যারিকেড দেন। সঙ্গে সঙ্গে আরও দুজন লোক এসে অস্ত্র ঠেকিয়ে বলেন, ‘চাবি দে। না হলে ফায়ার করে দেব।’ তিনি মোটরসাইকেলের চাবি দিয়ে দেন। ছিনতাইকারীরা মোটরসাইকেল চালিয়ে চলে যায়। এরপর তিনি নাটোরের বাগাতিপাড়া থানায় জিডি করেন। এ ঘটনায় মোটরসাইকেল উদ্ধার তো দূরের কথা, পুলিশ কাউকে আটক করেছে বলে তিনি শোনেননি।
২ জানুয়ারি নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের সাইদুল ইসলাম ধাপাড় এলাকায় পৌঁছালে একজন লোক পিস্তল ধরে তাঁকে থামান। এরপর তাঁর মুঠোফোন ও মোটরসাইকেল ছিনতাই করা হয়। সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় একাধিকবার জিডি করতে গেলেও পুলিশ নেয়নি।
গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে বাগাতিপাড়ার জুগিপাড়া-কোয়ালিপাড়া মাঠের মধ্যে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। মোটরসাইকেলটির মালিক মাড়িয়া গ্রামের বেলাল হোসেন। তিনি বলেন, ছিনতাইকারীরা তাঁকে থামিয়ে লোহার রড দিয়ে মাথায় বাড়ি দেয়। তাঁর হেলমেট ভেঙে দুভাগ হয়ে যায়। তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে আসেন। এ ব্যাপারে তিনি রাতেই থানায় অভিযোগ করেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ মামলা নেয়নি।
তবে বাগাতিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার চৌধুরী বলেন, ঘটনাটি ছিনতাই নয়। এর পেছনে অন্য কাহিনি রয়েছে।
তিন খুঁটির মোড় এলাকায় বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের শিক্ষক মোশাররফ হোসেনকে এ মোড়ের পাশে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করা হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বলেন, আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে বাঘার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোশাররফ হোসেনের জানাজা হয়েছে। এতে অংশ নেওয়া দিঘা কলেজের শিক্ষক গোলাম তোফাজ্জল কবির বলেন, জানাজায় অংশ নেওয়া সবার মধ্যে একই আতঙ্ক—দিনের বেলায় হামলা হলে তাঁরা কীভাবে চলাফেরা করবেন।
এসব বিষয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, সীমান্ত এলাকায় বরাবরই অপরাধ বেশি হয়। তিনি ভাবছেন, রাজশাহীর এসপির সঙ্গে আলাপ করে এসব এলাকায় ভাগাভাগি করে টহল দিতে হবে।
রাজশাহীর এসপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, তিন খুঁটির মোড় এলাকায় একটি তল্লাশি কেন্দ্র বসানো হচ্ছে। অন্য এলাকায় ভাগাভাগি করে টহল দেওয়া হবে।