রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের পরিচিতি অনুষ্ঠানে তাণ্ডব চালিয়ে বিপুলসংখ্যক চেয়ার-টেবিল ও আসবাব ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইনস্টিটিউটের মিলনায়তনে এ ঘটনা ঘটেছে। ছাত্রলীগের ফেল করা কর্মীদের পাস করিয়ে না দেওয়ার জেরে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরিদ উদ্দিন।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলছে, শোকের মাসে অনুষ্ঠানে নীরবতা পালন না করা ও ছাত্ররাজনীতি নিয়ে বিরূপ মন্তব্য করার জেরে ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার পর ইনস্টিটিউটে ডিপ্লোমা প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভা শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক রাশেদ রহমান মিলনায়তনে ঢোকেন। তাঁরা অনুষ্ঠান চলা অবস্থায় শিক্ষকদের কাছে জানতে চান, কেন তাঁদের ছাড়া এ অনুষ্ঠান করা হলো। তাঁরা অনুষ্ঠান শুরু করতে দেরি করতে বলার পরও কেন অনুষ্ঠান আগেই শুরু করা হয়েছে, তা-ও জানতে চান। এ সময় শিক্ষকেরা ছাত্রলীগের নেতাদের বলেন, অনুষ্ঠান সময়মতোই শুরু হয়েছে। গরমের কারণে সেটি শেষ হতেও চলেছে। তারপরও ছাত্রলীগের নেতারা বক্তব্য দিতে চাইলে তাঁরা দিতে পারেন বলে জানানো হয়। কিন্তু তাতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের ওই দুই নেতা মিলনায়তন থেকে বেরিয়ে গিয়ে নেতা-কর্মীদের নিয়ে মিছিল শুরু করেন। এ সময় শিক্ষকেরা দ্রুত অনুষ্ঠান শেষ করে মিলনায়তন ত্যাগ করেন। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মিলনায়তনে ঢুকে অনুষ্ঠানস্থলের মঞ্চ, চেয়ার-টেবিল ও পাখা ভাঙচুর করেন।

অধ্যক্ষ বলেন, ‘গত রোববার প্রতিষ্ঠানের দ্বিতীয় পর্বের ৯৪০ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়। এতে ৪০-৪২ জনের মতো ফেল করে। এ নিয়ে গত সোমবার ছাত্রলীগের সভাপতি-সম্পাদক আমার কাছে এসে ২০-২২ জনের একটি তালিকা ধরিয়ে দিয়ে তাদের পাস করিয়ে দিতে বলেন। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলি। তাঁরা সবাই বলেন, অনেক ছাড় দিয়ে ফেলের সংখ্যা কমানো হয়েছে। যে কয়জন ফেল করেছে, তাদের আর পাস করিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। বিষয়টি আমি ছাত্রলীগ নেতাদের জানিয়ে দিই। এতে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলে যান।’

অধ্যক্ষ বলেন, আজকের (মঙ্গলবার) অনুষ্ঠান ভালোভাবেই চলছিল। ছাত্রলীগকে দাওয়াতও দেওয়া হয়েছিল। কিন্তু তারা পরিকল্পিতভাবে অনুষ্ঠানে দেরি করে এসে এই কাণ্ড ঘটায়। ডেকোরেটর থেকে ভাড়া করে আনা প্রায় ৭০০ চেয়ারসহ টেবিল, ১২টি ফ্যান, জানালার কাচ, সাউন্ড সিস্টেম এ সময় তারা ভাঙচুর করে। ডেকোরেটরের হিসাব অনুযায়ী সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘অনুষ্ঠানে এবার আমাদের বক্তব্য দিতে দেওয়া হয়নি। আমরা অনুষ্ঠানস্থলে যাওয়ার পর অনুষ্ঠানে ছাত্ররাজনীতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়। আর শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে অনুষ্ঠানে একটি কথাও বলা হয়নি, নীরবতা পালন করা হয়নি। তাই আমরা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে মিছিল করি। মিছিল শেষে কিছু নেতা-কর্মী হঠাৎ মিলনায়তনে ঢুকে একটু ভাঙচুর শুরু করে। আমরা গিয়ে তাদের সরিয়ে দিই।’ ফেল করা শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার সুপারিশের কথা স্বীকার করলেও এই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

নীরবতা পালনের বিষয়ে অধ্যক্ষ বলেন, তাঁরা মিথ্যা বলছেন। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। বিষয়টি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে অধ্যক্ষ জানান।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। যতদূর জানতে পেরেছি, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ থেকে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কেউ আহত হয়নি, কেউ কোনো অভিযোগও করেনি।’