রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মারামারির ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ নভেম্বরের (বৃহস্পতিবার) অপ্রীতিকর ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোশাররাফ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তদন্ত কমিটিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষ করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক মো. বেল্লাল হোসেনকে। অন্য চার সদস্য হলেন শহীদ লে. সেলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম জহুরুল ইসলাম, শহীদ শহিদুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বশির আহমেদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম এবং শহীদ আব্দুল হামিদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রবিউল আওয়াল।

ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় তিনজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে একাডেমিক কমিটির এক জরুরি সভায় ১৮ নভেম্বর পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে আবাসিক হলগুলো খালি করে দেওয়া হয়।
আরও পড়ুন: