রাজশাহী বিএনপির সহসভাপতি গুলিবিদ্ধ হয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিবিদ্ধ হয়ে রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি খন্দকার মাইনুল ইসলাম (৫৯) মারা গেছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, মাইনুল নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

মাইনুল ইসলাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পেশায় প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন। তাঁর বাড়ি রাজশাহী নগরের হোসনীগঞ্জ এলাকায়। তাঁর বাড়ির নিচের বসার ঘরে তিনি গুলিবিদ্ধ হন। মাইনুলের ব্যবসাপ্রতিষ্ঠানের একজন কর্মচারী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন কর্মচারী তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, তাঁদের কার্যালয়ের পাশেই খন্দকার মাইনুলের বাসা। রক্তাক্ত অবস্থায় মাইনুলকে তাঁদের কার্যালয়ের ফটকের সামনে আনা হয়। তখন ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

হাসপাতালের ওয়ার্ডমাস্টার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, মাইনুলকে আজ বেলা ২টা ১০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল হক তাঁকে মৃত ঘোষণা করেন। আরও নিশ্চিত হওয়ার জন্য কার্ডিওলজি বিভাগে নিয়ে ইসিজি করা হয়।

ঘটনার পর মাইনুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাসার নিচে বসার ঘরে মাইনুল যেখানে গুলিবিদ্ধ হয়েছেন, সেখানকার রক্তের দাগ পানি দিয়ে পরিবারের লোকজন ধুয়ে ফেলেছেন। পিস্তলটিও ঘটনাস্থলে নেই। সেটি খানিকটা দূরে বাসার কলাপসিবল গেটের পাশে ফুলের গাছে টবের আড়ালে ফেলে রাখা হয়েছে। বসার ঘরে থাকা দুটি চেয়ারের একটির পেছনে রক্ত লেগে রয়েছে। বাসার পশ্চিম দেয়ালের পাশে একটি পানির কল রয়েছে। সেখানে রক্তাক্ত কোনো জিনিস ধোঁয়া হয়েছে। জায়গাটি লাল হয়ে রয়েছে। এর পাশেই একটি ফুলের টবের আড়ালে মাইনুলের এক পাটি স্যান্ডেল পড়ে রয়েছে। তাতেও রক্ত লেগে রয়েছে। ঘটনাস্থলের পাশে থাকা মাইক্রোবাসের গায়ে গুলির চিহ্ন দেখা গেছে।

মাইনুলের পরিবারের লোকজন বাড়ির দোতলায় অবস্থান করছিলেন। তাঁরা সাংবাদিকদের কিছু বলছেন না। কিছু জিজ্ঞেস করলেই তাঁরা বলছেন, তাঁরা কিছু জানেন না। তবে পরে মাইনুলের ছেলে হেদায়েতুল ইসলাম (২৮) ও শ্যালক শাহীন ইসলাম (৪০) হাসপাতালে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের কাছে হেদায়েতুল বলেন, তাঁর বাবা পড়ে গিয়ে আহত হয়েছিলেন। এর কিছুক্ষণ পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার হাসপাতালে যান। হেদায়েতুল ইসলাম তাঁদের কাছে বলেন, তাঁর বাবা আত্মহত্যা করেছেন।

মাইনুল ইসলামের শ্যালক বলেন, তাঁরা ওপরে (দ্বিতীয় তলায়) ছিলেন। কিছু বলতে পারবেন না।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন খান বলেন, এটা আত্মহত্যার ঘটনা। ডান কানে পিস্তল ধরে গুলি করেছেন। বাঁ কান দিয়ে বের হয়ে গেছে। তিনি বলেন, ‘পুলিশ বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান করছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) কর্মকর্তারাও ঘটনাস্থলে আছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সেটি পরীক্ষা করা হবে। নিহত ব্যক্তির লাশেরও ময়নাতদন্ত করা হচ্ছে।’

জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা বলেন, খন্দকার মাইনুল ইসলাম তাঁর কমিটির সহসভাপতি। এর আগে তিনি রাজশাহী মহানগর কমিটির সহসভাপতি ছিলেন। নাদিম মোস্তফা বলেন, মাইনুল তাঁর ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ব্যাংকে তাঁর অনেক টাকা ঋণ রয়েছে। সম্ভবত এ কারণে তিনি হতাশায় ভুগছিলেন।