রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম শফিউল ইসলাম লিলন
এ কে এম শফিউল ইসলাম লিলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলনকে আজ শনিবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন প্রথম আলোকে জানান, বিকেল পৌনে চারটার দিকে গুরুতর জখম অবস্থায় অধ্যাপক শফিউল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখনই তাঁকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পৌনে পাঁচটার দিকে অধ্যাপক শফিউল ইসলামকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে হাসপাতাল থেকে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানিয়েছিলেন, দুপুর আড়াইটার দিকে শফিউল ইসলাম মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ফেলে যায়। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এটা ঘটেছে, তা জানা যায়নি।