রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারটি ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ডাকা দুই দিনের ধর্মঘটের প্রথম দিনে একাডেমিক ভবনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ের মধ্যে এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্কের সৃষ্টি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে দ্বিতীয় বিজ্ঞান ভবনের ছাদে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর কিছু পর শহীদুল্লাহ কলা ভবনের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের তৃতীয় তলায় অপর একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর কাছাকাছি সময়ে দ্বিতীয় বিজ্ঞান ভবনের পাশে আরেকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ফটকের সামনে থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করে পুলিশ।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, কারা এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা এখনো চিহ্নিত করা যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে থেকে শামীম নামে চায়ের এক দোকানদারকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শিবিরের ডাকা ধর্মঘট ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ হাসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়েই শেষ হয়।