রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানি, যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক এলাকায় এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের পেছনে পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম শরিফুল ইসলাম (২২)। তিনি রাজশাহী মহানগরের মাসকাটাদিঘী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী কাজলা গেট দিয়ে পশ্চিমপাড়ায় বাসায় ফিরছিলেন। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়টির এক অধ্যাপকের মেয়ে। এ সময় তাঁকে অনুসরণ করে পেছন পেছন যাচ্ছিলেন শরিফুল। ওই ছাত্রী মন্নুজান হলের পেছনের রাস্তা দিয়ে বাসার দিকে যেতে গেলে শরিফুল অতর্কিত ওই ছাত্রীর পথরোধ করে যৌন নির্যাতন শুরু করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশে দায়িত্বরত নিরাপত্তাপ্রহরীরা ছুটে এলে শরিফুল দৌড় দেন। পরে তাঁকে ধাওয়া করে ধরে ফেলা হয়। খবর পেয়ে নগরের মতিহার থানার পুলিশ গিয়ে যুবককে আটক করে।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।