রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল মামুন ওরফে শিমুল গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনের মাঠে এ ঘটনা ঘটে।

আহত আবদুল্লাহ আল মামুন ওরফে শিমুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সরকার ফারহানা আকতার প্রথম আলোকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের পাশের কাজলা এলাকা থেকে জুবেরী ভবনের সামনের মাঠ হয়ে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে তাঁকে ঘিরে ফেলে এলোপাতাড়ি মারধর করে। দুবৃ‌র্ত্তরা শিমুলের ডান পায়ের হাঁটুর নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের ভাষ্য, ‘সন্ত্রাসীদের হামলায় শিমুল আহত হয়েছে। প্রাথমিকভাবে সে হামলাকারীদের চিনতে পারেনি। হামলাকারীরা শিবির হতে পারে, ছিনতাইকারী হতে পারে, সন্ত্রাসী হতে পারে। যে–ই হোক না কেন, আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ হামলার প্রতিবাদে ও ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও জানান মিজানুর রহমান।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘নির্জন এলাকা হওয়ায় দুর্বৃত্ত‌রা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।’