রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সাতক্ষীরা থেকে গ্রেপ্তার ৪৭
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ছয় কর্মীসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি হল থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জনকে, কলারোয়া থেকে ৫, তালা ও দেবহাটা থেকে ২ জন করে, কালীগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি থেকে ৩ জন করে ও পাটকেলঘাটা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হলে গতকাল বিকেলে অভিযান চালায় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও হল মসজিদের ইমামসহ ১৪ জনকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) আমীর জাফর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় শের-ই-বাংলা হলে তল্লাশি চালানো হয়। এ সময় শিবির সন্দেহে ১৩ শিক্ষার্থী ও মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে হল মসজিদ থেকে শিবিরের বই, নথি ও ডায়েরি উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজিবুল হাসান ও রাজশাহী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবদুর রাজ্জাক।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর শুক্রবার আটক হওয়া রাজিবুলকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রাজ্জাকের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘দেশে জঙ্গি তৎপরতার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয়ে সতর্ক আছি। এরই অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় একটি হলে তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’