রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির পরীক্ষায় ক্ষমতাসীনদের বাধা
চাকরির বয়সসীমা বাতিল চেয়ে ও অস্বচ্ছতার অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত চাকরির পরীক্ষা বন্ধ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পরীক্ষার্থীদের প্রবেশপত্র ছেঁড়া, হুমকি দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। আজ শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ক্যাম্পাসের প্রধান ফটক, কাজলা ফটক, বিনোদপুর ফটক এবং তৃতীয় ও চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে এসব ঘটনা ঘটে।
এ ঘটনায় ভোগান্তিতে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরিপ্রার্থীরা। ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়ে হেনস্তা ও লাঞ্ছনার শিকার হন শিক্ষকেরাও।
বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাটাগরিতে ২৭টি পদের বিপরীতে গত ২৩ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ক্যাটালগার পদে, ১০টা থেকে ১১টা পর্যন্ত ডেটা এন্ট্রি অপারেটর ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রন্থাগার সহকারী পদের পরীক্ষা হওয়ার নির্ধারিত সময় ছিল। ওই পদে আবেদনকারীর মোট সংখ্যা ৩ হাজার ২২০। এতে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ ৩২ বছর নির্ধারিত ছিল।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনে ক্যাটালগার পদের পরীক্ষা শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার কেন্দ্রে ঢুকে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেন। কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে ভবনের সামনে অবস্থান নেন তাঁরা। অন্যদিকে মহানগর আওয়ামী লীগ, মতিহার থানা আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে ফটক বন্ধ করে দেন। ফলে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি চাকরিপ্রার্থীরা। কেন্দ্রে ঢুকতে না পারায় ১০টা থেকে ১১টা পর্যন্ত ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ পরীক্ষা হয়নি।
বগুড়া থেকে পরীক্ষা দিতে আসা ফাতেমা খাতুন বলেন, ‘১০টার দিকে ডেটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষা দেওয়ার জন্য বগুড়া থেকে এসেছিলাম। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারিনি। এত দূর থেকে পরীক্ষা দিতে এসে আবার ফিরে যেতে হবে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ প্রথম আলোকে বলেন, শুক্রবার সকালে কাজলা গেট দিয়ে বের হতে গেলে বাধা দেওয়া হয়। তিনিসহ আরও কয়েকজন শিক্ষক লাঞ্ছনার শিকার হন। তিনি বলেন, ‘আমার ক্যাম্পাসে আমি ঢুকতে পারব না, এটা তাদের কেমন ব্যবহার?’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘চাকরি কে পাবে তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তবে অস্বচ্ছতা দূর করে চাকরির নির্ধারিত বয়সসীমা উঠিয়ে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছি।’
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত কোনো বয়সসীমা ছিল না বলে তিনি দাবি করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘সকালে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে আসে। তাই আমরা ক্যাম্পাসে সাংঘর্ষিক ঘটনা এড়াতে অবস্থান নিয়েছিলাম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘আমরা নিয়ম মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার তারিখ নির্ধারণ করেছিলাম। সে অনুযায়ী আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বহিরাগতরা এসে বিশৃঙ্খলা করে দুটি পরীক্ষা বন্ধ করে দিয়েছে। দাবি বা অভিযোগ আমাদের লিখিতভাবে না জানিয়ে এভাবে পরীক্ষা বন্ধ করা দুঃখজনক।’