অধ্যাপক রেজাউল হত্যা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে বলে দাবি করছে পুলিশ। এই আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। আজ রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ দিনের রিমান্ডের আবেদন সহকারে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই আসামির নাম মোস্তাসিরুল আলম ওরফে অনিন্দ্য। বাবার নাম শফিউল আলম। মোস্তাসিরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম প্রথম আলোকে বলেন, রোববার ভোরে অভিযান চালিয়ে কাদিরগঞ্জ এলাকা থেকে মোস্তাসিরুল আলমকে আটক করা হয়েছে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। তিনি আরও বলেন, আজ রোববার তাঁর রিমান্ড শুনানি হয়নি। এর আগে এই মামলার এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই আসামির নাম আছে কি না, জানতে চাইলে ইফতে খায়ের বলেন, এই আসামি পরোক্ষভাবে হত্যা মামলার সঙ্গে জড়িত। সেই হিসাবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৩ এপ্রিল নিজ বাসার অদূরে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনায় ওই দিন শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় এ নিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের মধ্যে একজন আটক অবস্থায় মারা গেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে একজন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশ জানিয়েছে। তাঁর নাম মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।