রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীসহ দুজন অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীসহ দুজনকে দুটি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তারের পর রাতে ওই কর্মচারীর বাড়িতে অভিযান চালিয়ে ককটেল, বোমা ও গানপাউডার উদ্ধার করে র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহী নগরের নতুন বুধপাড়ার আবু রাজ তুহিন সাধু এবং ষষ্ঠীতলার সৈয়দ রিফাত রেজা। আবু রাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার কর্মচারী।

র‍্যাব কর্মকর্তারা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নগরের ভদ্রার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিনটি গুলিসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে রাতে নতুন বুধপাড়ায় আবু রাজের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল, দুটি হাতে তৈরি বোমা, ৯৫ গ্রাম গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ ও তাঁর সহযোগী বলেছেন তাঁরা অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র উদ্ধার এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বোয়ালিয়া ও মতিহার থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গতকাল বুধবার ওই দুজনকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারকৃত দুজন পাঁচ বছর ধরে অস্ত্র ব্যবসা করতেন। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্র এনে স্থানীয়ভাবে বিক্রি করতেন। তবে অস্ত্রের ক্রেতা কারা তা এখনো জানা যায়নি।