রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোর অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করার ছয় দিন পর রোববার রাতে এটি মামলা হিসেবে রেকর্ড করে মতিহার থানার পুলিশ।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক মতিহার থানায় অভিযোগটি করেন। আসামি কাজী জাহিদুর রহমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, অভিযোগটি রোববার রাতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, কাজী জাহিদুর রহমান ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের একটি কার্যক্রম নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি দিয়ে তাঁকে এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করতে বলে। তিনি সদুত্তর না দিতে পারায় প্রশাসন তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছে।
কাজী জাহিদুর রহমান বলেন, ‘বাইরের প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করতে পারলে নিজের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে কেন সমালোচনা করতে পারব না? বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আমি লিখেছি, যার যথেষ্ট তথ্যপ্রমাণ আমার কাছে আছে। মামলা হয়ে থাকলে তা আমি আইনগতভাবেই মোকাবিলা করব।’