রাজশাহী মহানগর জামায়াতের আমির গ্রেপ্তার
রাজশাহী মহানগর জামায়াতের আমির আবুল হাশেমকে গতকাল শনিবার রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। রাত রাত সাড়ে ৮টার দিকে নগরের বিনোদপুর এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আজ রোববার গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের ওপরে হামলার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজশাহী মহানগর জামায়াতের আমির আবুল হাশেম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় আজ বেলা দুইটার দিকে প্রথম আলোকে জানান, গত মার্চে নগরের বোয়ালিয়া থানার পুলিশের ওপর হামলা এবং গাড়িতে অগ্নিসংযোগের মামলায় জামায়াতের আমিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নাশকতার আরও কয়েকটি মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি করা হবে। মামলাগুলো যাচাই বাছাই চলছে।
তবে আজ দুপুর ১২টার দিকেও সুশান্ত চন্দ্র বলতে পারেননি কী অভিযোগে জামায়াতের আমিরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তিনি মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে আতিকুর বলেছিলেন, তিনি একটি সভায় আছেন পরে কথা বলবেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের প্রচার বিভাগ থেকে এক বিবৃতিতে আমির আবুল হাশেমকে আটকের নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর আজ কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে ইসলামী শক্তিকে দুর্বল করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতের শীর্ষ নেতাদের নিয়ে সরকার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি অবিলম্বে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমীরসহ সকল শীর্ষ নেতাদের জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।