রাজশাহী মহানগর শিবির সভাপতি আটক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন সরকারকে রাস্তা থেকে আটক করা হয়েছে বলে শিবিরের রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদকের বরাত দিয়ে গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিভিন্ন পত্রিকার কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জসিম উদ্দিন সরকারের বাড়ি রাজশাহী নগরের শাহ মখদুম থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে পুলিশকে মারধরসহ নাশকতার একাধিক মামলা রয়েছে। তাঁকে আটকের ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম প্রথম আলোকে বলেন, জসিমের ব্যাপারে তিনি কিছুই জানেন না। অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক দুজন পুলিশ কর্মকর্তা বলেছেন, জসিমকে আটক করার বিষয়টি তাঁরা শুনেছেন।
এদিকে ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান তারিক ও রাজশাহী মহানগর সেক্রেটারি মনিরুল ইসলামের বরাত দিয়ে রাজশাহী মহানগর শিবিরের প্রচার সম্পাদক নাসিম ওসমান একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। এতে জসিম উদ্দিনকে কোনো পরোয়ানা ছাড়া সাদাপোশাকে আটক করার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তাঁরা তাঁকে দ্রুত আদালতে সোপর্দ করার দাবি জানান।
কিছুক্ষণ পরে একই পরিচয় (রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক) দিয়ে ফাহাদ করিম একই সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।