রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগ কর্মীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছেন সহপাঠীরা। গতকাল বুধবার দুপুরে কলেজের পিংকু হোস্টেলের পেছনে বন্ধ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ কর্মীর নাম সজীব হোসেন। তিনি মেডিকেল কলেজের ৫৭তম এমবিবিএসের প্রথম বর্ষের ছাত্র। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সজীব অভিযোগ করেন, দুপুরে খাওয়ার কথা বলে তাঁর সহপাঠী শিহাব আল গালিব, রাশেদ ও ফাহিম তাঁকে বন্ধ গেট এলাকায় ডেকে নিয়ে মারধর করেন। পরে তাঁর বন্ধুরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বিষয়টির মীমাংসা হয়। অধ্যক্ষ নওশাদ আলী বলেন, দুজন ছাত্র একই মেয়েকে পছন্দ করেন। এ নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন।

নওশাদ আলী বলেন, যাঁরা সজীবকে মারধর করেছেন, তাঁরা ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটাবেন না বলে মুচলেকা দিয়েছেন। পুনরাবৃত্তি ঘটলে তাঁদের বহিষ্কার করা হবে।