চুরি হওয়া নবজাতক ফিরে গেল মায়ের কোলে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত সোমবার চুরি হওয়া শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে মহানগর পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। পরে সংবাদ সম্মেলনে করে মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেন। সন্তানকে ফিরে পেয়ে মা রুবিনা খাতুন আনন্দে কেঁদে দেন। বাবার চোখেও ছিল খুশির অশ্রু।
পুলিশ শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া ওই নারীকেও গ্রেপ্তার করেছে।
গত সোমবার দুপুরে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ড থেকে চুরি হয়ে যায় এক নবজাতক। নবজাতকের বাবার নাম তরিকুল ইসলাম। তিনি একজন দরিদ্র কৃষক। তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকার সুরশুনিপাড়ায়। এই হাসপাতাল থেকে গত পাঁচ বছরে এ নিয়ে চারটি নবজাতক চুরি হলো। ঘটনার দিন রাতেই শিশুটির বাবা নগরের রাজপাড়া থানায় মামলা করেন।
চুরির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা ২২ নম্বর ওয়ার্ডে গিয়ে চিকিৎসক, সেবিকা, নিরাপত্তাকর্মী, রোগী ও তাঁদের অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করেছেন।
তরিকুল ইসলাম চুরির ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, সন্তানসম্ভবা স্ত্রীকে সোমবারই হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করেন। বেলা দুইটার দিকে তাঁর অস্ত্রোপচারের পর একটি কন্যাসন্তানের জন্ম হয়। এটি ছিল তাঁদের প্রথম সন্তান। অস্ত্রোপচারের পর স্ত্রীকে ‘পোস্ট অপারেটিভ’ কক্ষে রাখা হয়। তখন তিনি স্ত্রীর সঙ্গেই ছিলেন। কিছুক্ষণ পর তাঁর নানিশাশুড়ি রহিমা বেগম বাচ্চাকে ওয়ার্ডে নিয়ে এসে গায়ে তেল মাখানো শুরু করেন।

রহিমা বেগম জানান, তিনি বাচ্চাকে তেল মাখাচ্ছিলেন। এ সময় বোরকা পরা একটি মেয়ে এসে বাচ্চাকে কাপড় দিয়ে ধরার পরামর্শ দেন। সাহায্য করার কথা বলে মেয়েটি তাঁর হাত থেকে বাচ্চাটিকে নিয়ে কাপড় আনতে বলেন। একই স্থানে পেছন ফিরে তিনি ব্যাগ থেকে একটি কাপড় বের করে মুহূর্তের মধ্যেই ঘুরে দেখেন মেয়েটি নেই। তিনি বলেন, এ সময় তিনি বুঝে উঠতে পারছিলেন না কাকে জানাবেন, কী করবেন।