রাজশাহী মেডিকেলের ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ
রাজশাহী মেডিকেল কলেজের শহীদ কাজী নূরুন্নবী ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগ করতে বলা হয়েছে।
র্যাগ ডে অনুষ্ঠানের প্রস্তুতি সভায় গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ কলেজের একাডেমিক কাউন্সিল ওই ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ নওশাদ আলী বলেন, শহীদ কাজী নূরুন্নবী ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ অনেক রাষ্ট্রবিরোধী ও জিহাদি বইপুস্তক পাওয়া গেছে। সেখান থেকে গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজে অনেক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। তাঁরাসহ সাধারণ ছাত্রদের নিরাপত্তার কথা বিবেচনা করে ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ছাত্রাবাসে অস্ত্র, রাষ্ট্রবিরোধী ও জিহাদি বইপুস্তকের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য ওই ছাত্রাবাসের কিছু শিক্ষার্থীর বরাদ্দকৃত আসন বাতিলও করা হতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরই ছাত্রাবাস খুলে দেওয়া হবে।
কলেজ সূত্র জানায়, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়। বেলা আড়াইটার দিকে ওই সভায় শহীদ কাজী নূরুন্নবী ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আজ সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ওই দিনের ঘটনা তদন্তের জন্য অধ্যাপক মোসাদ্দেক হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।