রাজশাহী রেলস্টেশনে বাসশ্রমিকদের ভাঙচুর
প্ল্যাটফর্মে বসে মাদক সেবনের প্রতিবাদ করায় রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছেন দূরপাল্লার বাস বুকিং শ্রমিকেরা। গতকাল সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ের নিরাপত্তাকর্মী ও জিআরপি থানার পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত তিনটার দিকে স্টেশনের প্ল্যাটফর্মে বসে দূরপাল্লার বাস বুকিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য ও শিরোইল কলোনির বাসিন্দা রমজানসহ কয়েকজন গাঁজা সেবন করছিলেন। এ অবস্থা দেখে রেলের নিরাপত্তাকর্মী কাওসার তাঁদের সেখান থেকে তুলে দেন। এর জের ধরে গতকাল সকালে রমজানের নেতৃত্বে কয়েকজন বাসশ্রমিক রেলস্টেশনে ঢুকে কাওসারকে পিটিয়ে আহত করেন। কিছুক্ষণ পর আরও ৩০-৪০ জন শ্রমিক স্টেশনে ঢুকে গেট ও টিকিট কাউন্টারের কাচ ভাঙচুর করেন।
শ্রমিকেরা রোকনুজ্জামান নামের এক নিরাপত্তাকর্মীকে মারধর করে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। জিআরপি থানার পুলিশ গিয়ে চারটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর বাসশ্রমিকেরা ইটপাটকেল ছুড়তে ছুড়তে পালিয়ে যান।
হামলায় জিআরপি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহাবুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) হাশেম, কনস্টেবল বাদশা মিয়া এবং নিরাপত্তাকর্মী জহুরুল, রাসেল আহত হন। তাঁরা রেলওয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজশাহী জিআরপি থানার ওসি সুনীল কুমার ঘোষ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানতে চাইলে দূরপাল্লার বাস বুকিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, একটা ভুল-বোঝাবুঝি থেকে গন্ডগোল হয়েছে। তাঁরা বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছেন। প্ল্যাটফর্মে বসে গাঁজা সেবনের কথা তিনি অস্বীকার করেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আবদুল আউয়াল ভূঞা জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।