রাজশাহী শহর রক্ষা বাঁধে ৩০০ অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহর রক্ষা বাঁধ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সরকারি হিসাবেই এই বাঁধে এখন পর্যন্ত প্রায় ৩০০ অবৈধ স্থাপনা রয়েছে। সর্বশেষ বাঁধের ঢালে পাকা ঘর নির্মাণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর আরমান আলী। তবে তাঁর দাবি, নিজের জন্য নয়, ওটা আওয়ামী লীগের কার্যালয় হচ্ছে।
রাজশাহী শহরের দক্ষিণ পাশ দিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় শহর রক্ষা বাঁধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হিসাবে এতে প্রায় ৩০০ অবৈধ স্থাপনা রয়েছে। সম্প্রতি নগরের সেখেরচক এলাকা থেকে তালাইমারী পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় বাঁধ দখল হয়েছে বেশি। এই অংশেই প্রায় ১০০ দোকানপাট, দলীয় কার্যালয় ও বসতবাড়ি গড়ে উঠেছে।
নগরের হাদিরমোড় এলাকায় বাঁধের ঢালে কাউন্সিলর আরমান আলী দুই কক্ষবিশিষ্ট পাকা স্থাপনা নির্মাণ করছেন। গতকাল বুধবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, বাঁধের দক্ষিণ পাশে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই হয়ে গেছে। মিস্ত্রিরা দেয়ালে পলেস্তারা করছেন। কে এই ভবন নির্মাণ করছেন জানতে চাইলে একজন মিস্ত্রি বলেন, ‘২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী এখানে আওয়ামী লীগের কার্যালয় করছেন।’
একইভাবে নগরের সেখেরচক এলাকায় একটি নির্মাণাধীন ভবন দেখা যায়। স্থানীয় কয়েকজন যুবক বলেন, তাঁরা এখানে বসার জন্য একটি ঘর নির্মাণকাজ শুরু করেছিলেন। পাউবোর লোকজন বাধা দেওয়ায় তা বন্ধ রয়েছে। কিন্তু কাউন্সিলরের ঘর নির্মাণে কেউ বাধা দিচ্ছে না।
নিজ খরচে বাঁধের ঢালে ভবন নির্মাণের কথা স্বীকার করে আরমান আলী বলেন, এটা দলীয় কার্যালয়। ব্যক্তিস্বার্থে করছেন না। এক পাশে এলাকার মুরব্বিরা ক্যারম খেলবেন, অন্য পাশে দলীয় কার্যক্রম চলবে। বাঁধের ওপরে ভবন নির্মাণ আইনসম্মত কি না জানতে চাইলে তিনি বলেন, নগরের আলুপট্টি এলাকায় পাউবোর জায়গায় ২০টা পাকা বাড়ি উঠেছে। কিন্তু সেখানে তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না। ফলে তিনি জনস্বার্থে যেটা করছেন, এটা বেআইনি হচ্ছে না।
গতকাল দুপুরে সেখেরচক এলাকা থেকে তালাইমারী পর্যন্ত দেড় কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে, এই বাঁধের ঢালে স্থায়ী-অস্থায়ী প্রায় ১০০ অবৈধ দোকানপাট, দলীয় কার্যালয় ও বসতবাড়ি রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ, শ্রমিক লীগের নামেই একাধিক কার্যালয় দেখা যায়।
পাউবোর সূত্রে জানা গেছে, রাজশাহী শহর রক্ষা বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর দখলদারদের ১৫ দিনের সময় দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। ওই সময় নগরের বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছিল। তবে কেউ অবৈধ স্থাপনা সরায়নি। এ বিষয়ে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আগে শুধু বাঁধের দক্ষিণ পাশের ঢালে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছিল। এবার বাঁধের উত্তর পাশও দখল হয়ে যাচ্ছে। এর আগে ২০০৭ সালে যৌথ বাহিনীর সহায়তায় বাঁধের ওপর অবস্থিত অবৈধ দখলদারদের দোকানপাট, ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছিল। তবে পরের বছরই আবার বাঁধটি দখল হয়ে যায়।
পাউবোর রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, আইন অনুযায়ী বাঁধের ওপরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। অবৈধ স্থাপনা যারই হোক না কেন উচ্ছেদ করা হবে। এ জন্য তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে ১০-১২ দিন আগে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছেন। শিগগিরই উচ্ছেদ অভিযান শুরু হবে।