রাজশাহী শিক্ষা বোর্ডে মারামারি, সচিব লাঞ্ছিত
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের কক্ষে গতকাল সোমবার বিকেলে কর্মচারীদের মধ্যে মারামারি হয়েছে। এ সময় সচিব আবুল কালাম আজাদ লাঞ্ছিত হন।
শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ কামাল বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজের তিনজন শিক্ষকের বেতন দেওয়া না-দেওয়া নিয়ে কর্মচারীদের মধ্যে বিবাদের শুরু। প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষকের বেতন বোর্ডসভায় অনুমোদন হয়েছে। কিন্তু বোর্ডের চেয়ারম্যান নির্বাহী ক্ষমতাবলে আরও তিনজনের বেতনের জন্য একটি চিঠি তৈরি করেন। চিঠিতে স্বাক্ষরের জন্য সেটি গতকাল সচিবের কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু সচিব এতে স্বাক্ষর করেননি।
শেখ কামালের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি সচিবের কার্যালয়ে বসে ছিলেন। চিঠিতে সই না করায় সচিবের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন উপ-কলেজ পরিদর্শক নূরুজ্জামান। তিনি (কামাল) কথা বলতে গেলে নূরুজ্জামান তাঁকে ঘুষি মারেন। তখন তিনিও তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় নূরুজ্জামান তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি (কামাল) সচিবের কার্যালয়ের বাইরে গেলে একদল কর্মচারী তাঁকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর একদল কর্মচারী সচিবের কার্যালয়ে গিয়ে মারামারি শুরু করেন। তখন তাঁদের একজন সচিবের ওপর চড়াও হন। সচিবের অভিযোগ, বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত তাঁর কার্যালয়ে মাস্তান পাঠিয়ে তাঁকে হেনস্তা করেছেন। তিনি আইনের আশ্রয় নেবেন। বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত বলেন, নূরুজ্জামান তাঁকে লাঞ্ছিত করার বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। আর কেউ কিছু তাঁকে জানাননি। সচিবও কিছু বলেননি।