রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব লাঞ্ছিত
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করেছেন বোর্ডের কয়েকজন কর্মচারী। আজ সোমবার বিকেলে সচিবের কক্ষেই এ ঘটনা ঘটেছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজের তিনজন শিক্ষকের বেতন দেওয়া নিয়ে এ ঘটনা ঘটে।
বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ কামাল জানান, শিক্ষাবোর্ড মডেল স্কুল ও কলেজের কলেজের ১৮ জন শিক্ষকের বেতন বোর্ডসভায় অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু বোর্ড চেয়ারম্যান নির্বাহী ক্ষমতা বলে আরও তিনজন শিক্ষকের বেতনের জন্য একটি চিঠি দেন। চিঠিটি স্বাক্ষরের জন্য সচিবের কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু সচিব এতে স্বাক্ষর করতে রাজি হননি।
শেখ কামাল বলেন, আজ বিকেলে তিনি সচিবের কার্যালয়ে বসে ছিলেন। এমন সময় বিষয়টি নিয়ে শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক নূরুজ্জামানের সঙ্গে সচিবের তর্কবিতর্ক হয়। এ সময় তিনি (শেখ কামাল) কথা বলতে গেলে নূরুজ্জামান তাঁকে ঘুষি মারেন। তিনিও তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে বাইরে বের হলে নূরুজ্জামান তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। হঠাৎ নূরুজ্জামানের পক্ষের একদল কর্মচারী তাঁকে ঘিরে ধরেন। এর কিছুক্ষণ পর কামাল ও নূরুজ্জামানের পক্ষের কর্মচারীরা সচিবের কার্যালয়ে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু করেন। তাঁদের একজন সচিবের ওপরে চড়াও হন। তিনি সচিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
সচিব আবুল কালাম আজাদ দাবি করেছেন, বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত তাঁর কার্যালয়ে মাস্তান পাঠিয়ে তাঁকে হেনস্তা করছেন। তিনি বলেছেন, তাঁর নিরাপত্তা নেই। তিনি এখন আইনের আশ্রয় নেবেন।
এ ব্যাপারে জানতে চাইলে বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত বলেন, নূরুজ্জামান তাঁকে লিখিত ভাবে জানিয়েছেন যে, তাঁকে লাঞ্ছিত করা হয়েছে। আর কেউ কিছু জানায়নি। সচিবও কিছু বলেননি। এর বেশি তিনি কিছু জানেন না।