রাজশাহী শিক্ষাবোর্ডের বাগানে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষাবোর্ডের ভেতরে একটি ককটেল ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। তবে ককটেলটি বোর্ডের ফুলবাগানের ভেতরে পড়ে বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষাবোর্ডের উত্তর দিকের সীমানাপ্রাচীরের বাইরে থেকে ককটেলটি ছোড়া হয়।
ঘটনার সময় বাগানে মালি ছিলেন না। তবে বাগান থেকে একটু দূরে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তাঁরা ছোটাছুটি শুরু করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার বিষয়ে জানতে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবুল হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি।

রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আতঙ্ক সৃষ্টির জন্য এ কাজ করা হয়েছে।