রাজশাহী সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত
রাজশাহীর পবা উপজেলার চর মাঝাড়দিয়াড় সীমান্তে আগ্নেয়াস্ত্রের গুলিতে রনি খালাসি নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে তিনি মারা যান। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে রনি গুলিবিদ্ধ হন। নিহত রনি চর মাঝাড়দিয়াড় গ্রামের মৃত আবুল খালাসির ছেলে।
স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল রাত দুইটার দিকে রনি মাঝাড়দিয়াড় সীমান্ত দিয়ে ভারতীয় ফেনসিডিল আনতে গিয়েছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রনি গুলিবিদ্ধ হলেও সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসেন। ভোররাত চারটার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
তবে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ বলেন, ‘সীমান্ত থেকে আড়াই তিন কিলোমিটার দূরে রনির বাড়ি। সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এত দূর হেঁটে বাড়িতে আসা কারও পক্ষে আসা প্রায় অসম্ভব। যেভাবে গুলি লেগেছে, এতে মনে হয় না এটা বিএসএফের গুলি। অন্য কোনো পক্ষ তাঁকে গুলি করে বিএসএফের ওপর দায় চাপাচ্ছে কি না, তা খতিয়ে দেখছি।’
এ বিষয়ে বিএসএফের কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, জানতে চাইলে শাহজাহান সিরাজ বলেন, ‘আমরা পতাকা বৈঠকের জন্য তাদের চিঠি দিয়েছি। বিএসএফ সময় দিলে বৈঠকে বসা হবে।’
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ‘খবর পেয়ে আমরা গিয়ে রনি খালাসি নামের একজনের লাশ উদ্ধার করেছি। রনির বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে।’
ওসি বলেন, ‘সেখানকার বিজিবি বলছে, সম্ভবত বিএসএফের গুলিতে রনির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক এর বেশি কিছু জানতে পারিনি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’