রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে ছয় নির্মাণশ্রমিক
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয় নির্মাণশ্রমিক সর্বস্ব খুইয়েছেন। অচেতন অবস্থায় তাঁদের রাজশাহী নগরের বহরামপুর এলাকায় পাওয়া গেছে। ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর থেকে একটি ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জের চরহরিপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগীরা। গতকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত নগরের বহরামপুর মোড়ে অচেতন অবস্থায় তাঁরা রাস্তার ধারে পড়ে ছিলেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এঁদের মধ্যে সাকিব (২৬) নামের একজন কিছুটা চেতনা ফিরে পেয়েছেন। তিনি কথা বলতে পারছেন।
সাকিবের বর্ণনামতে, তাঁরা নয়জন নির্মাণশ্রমিক চাঁদপুর থেকে একসঙ্গে একটি ট্রাকে উঠেছিলেন বাড়ি ফেরার জন্য। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে তাঁরা যখন সিরাজগঞ্জে পৌঁছান, তখন ট্রাকের একজন লোক তাঁদের কলা, বিস্কুট ও স্যালাইন খেতে দেন। সেগুলো খাওয়ার পরই তাঁরা চেতনা হারিয়ে ফেলেন। নয়জনের মধ্যে বাকি তিনজন কোথায় আছেন, তা তিনি বলতে পারছেন না।
উদ্ধার হওয়া অন্য পাঁচজন হলেন আবদুল কুদ্দুস (৩০), মাইনুল ইসলাম (৪০), শহিদুল ইসলাম (২৪), মমিনুল ইসলাম (২০) ও নূরুল ইসলাম (২৭)।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক গাজী সাইফুল আলম চৌধুরী জানান, ছয়জনের মধ্যে মমিনুল ইসলামের অবস্থা বেশি খারাপ। তাঁর সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।