রাজশাহীতে অপহরণের পর শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের জামালপুরের ভদ্রা এলাকা থেকে চতুর্থ শ্রেণিপড়ুয়া এক শিশু গত বৃহস্পতিবার বিকেলে অপহরণ ও রাতে ধর্ষণের শিকার হয়। ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পর পুলিশ নগরের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।
অপহরণের অভিযোগে আটক আশিক আলীর (১৯) বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। তাঁর বাবার নাম নূরুল ইসলাম। বর্তমানে তাঁরা নগরের জামালপুর মহল্লায় থাকেন। আশিক একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, অপহরণের শিকার শিশুটির বাসা জামালপুরের ভদ্রা এলাকায়। গত বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তার ওপর এলেই তার মুখ চেপে আশিক একটি অটোরিকশার ওপর টেনে তোলেন। সঙ্গে সঙ্গে অটোরিকশাটি ছেড়ে দেয়। তাঁরা তাকে নগরের তালাইমারীর ফুলতলা এলাকায় আশিকের বন্ধু হৃদয়ের বাড়িতে নিয়ে যান। শিশুটির বরাত দিয়ে পুলিশ জানায়, ওই বাড়িতে আশিকের বন্ধু হৃদয় ছাড়া আর কেউ ছিল না। শিশুটি রাতে ওই বাসায় ধর্ষণের শিকার হয়।
এদিকে রাত একটার দিকে শিশুটির বাবা নগরের বোয়ালিয়া থানায় একটি অভিযোগ নিয়ে আসেন। এরপর পুলিশ অভিযানে বের হয়। ভোর সোয়া পাঁচটার দিকে হৃদয়ের বাড়ি থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা গোলাম রব্বানী জানান, পুলিশের অভিযানের সময় হৃদয় বাড়ি থেকে পালিয়ে যান। আশিককে হাতেনাতে ধরা হয়। তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার বন্ধের দিন থাকায় মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়নি। আজ শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।